রাজনীতিবিদদের হাতেই রাজনীতি থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সদ্য প্রয়াত সাইফুল ইসলাম পটুর আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘এখন যেখানে কারওয়ান বাজার, সেখানে মোগল আমলে নদী ছিল। একসময় পাল তোলা নৌকা আসত, জাহাজ আসত। এই নদী আমরা রক্ষা করিনি। তাড়াতাড়ি ভরাট করো, জায়গা দখল করো। এখানে কোনো প্ল্যানিং ছাড়াই আমরা বাড়ি বানাবো, ভাড়া দেবো অথবা বিক্রি করে টাকা আয় করব। গ্রামের জমি বিক্রি করে ঢাকায় এসে ফ্ল্যাট কিনছে। মানুষ অতিদ্রুত বড় লোক হতে চাচ্ছে। সেই বিস্তীর্ণ ধানক্ষেত, সেই নদী, সেই পুকুর আর রাখতে চাচ্ছে না। টাকাকেই বড় করে দেখা হচ্ছে। এ কারণেই আজ সামান্য প্রাকৃতিক দুর্যোগে আমরা কেঁপে গেছি। এ জন্য আমরা বলছি, যার যে কাজ, রাজনীতিবিদ যারা, যারা রাজনীতি করছে তাদের ওপর রাজনীতি ছেড়ে দেওয়া। এখানে অন্য কেউ যদি আসে, ওই উপলব্ধিটা বুঝবে না।’


