
বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়েছে। এতে দোকানটি সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে যায় এবং বাসের নিচে চাপা পড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা, যা দুমড়েমুচড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১১ই জানুয়ারি রবিবার বিকেল আনুমানিক তিনটার দিকে বাঁশখালী থেকে ছেড়ে আসা ‘বাঁশখালী সুপার সার্ভিস’ নামের একটি দ্রুতগামী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ফলের দোকানে উঠে যায়।
দুর্ঘটনার মাত্র এক মিনিট আগে দোকানি দোকান থেকে বের হয়ে যাওয়ায় অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। তবে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, পুরনো ও ঝুঁকিপূর্ণ বাস চলাচলের কারণে প্রায়ই এ সড়কে দুর্ঘটনা ঘটছে। তারা বাস মালিকপক্ষের অবহেলাকে দায়ী করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়েছেন।


