
মোহাম্মদ ইমরান, বাঁশখালী।
চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে গড়ে ওঠা একটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইটভাটা স্থাপন, ইট প্রস্তুত এবং ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার দায়ে আরেকটি ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানকেও অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৪ ও ৬ ধারার বিধান লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ইলশা গ্রামের মেসার্স মদিনা ব্রিকস-এর মালিককে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন বলেন, “পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযান চলাকালে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট প্রসিকিউটর জান্নাতুল ফেরদৌস, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদারসহ পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।


