
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন দেশের রাজনীতিতে গভীর সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তাঁর মতে, রাজনৈতিক দলগুলোর চরম অনৈক্যের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় রুহুল আমিন হাওলাদার এ কথা বলেন। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না, আগামী ফেব্রুয়ারিতে আদৌ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না। সরকারকে দায়িত্ব নিয়ে এই সংশয় ও অনিশ্চয়তা দূর করতে হবে।
জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, ‘অতীতের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের কারণে দেশে আজ সর্বক্ষেত্রে অনৈক্য বিরাজমান। আমাদের ওই ধরনের আচরণ থেকে বেরিয়ে আসতে হবে; না হলে বিশ্বদরবারে জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব না।’


