
বিএনপির কর্মী সমাবেশে অংশ নিয়ে আগামী নির্বাচনে নেতা বেছে নিতে ভুল না করার আহ্বান জানিয়েছেন জামালপুরের মেলান্দহ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। সরকারি কর্মকর্তা হয়ে নির্বাহী কর্মকর্তার এ ধরনের বক্তব্যকে চাকরিবিধির লঙ্ঘন বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গতকাল রোববার বিকেলে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারী এলাকায় এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন মেলান্দহ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। সেদিন তাঁর দেওয়া বক্তব্যের ৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আজ সোমবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসিবে জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার (শামীম)।