
সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। এর পাশাপাশি অনেক বিদ্যালয়ে গতকাল রোববার থেকে অর্থাৎ দুই দিন ধরে কর্মবিরতিও চলছে।
শিক্ষকদের টানা আন্দোলনের কারণে শিক্ষাবর্ষের শেষ সময়ে এসে পাঠদান ব্যাহত হচ্ছে। এর ফলে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষার ওপর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন শিক্ষকেরা।
বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী এক কোটির বেশি এবং শিক্ষক রয়েছেন পৌনে চার লাখের বেশি। এর মধ্যে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৩ লাখ ৬৯ হাজার ২১৬ টি, কিন্তু বর্তমানে কর্মরত ৩ লাখ ৫২ হাজার ২০৮ জন। ১৭ হাজার ৮টি পদ এখনো শূন্য।
এই প্রধান শিক্ষক আরও জানান, আজ তাঁদের বিদ্যালয়ে শিক্ষার্থীরা এসেছিল। কিন্তু সহকারী শিক্ষকেরা ক্লাস নেননি। ফলে তিনিই কিছু পড়িয়েছেন। বার্ষিক পরীক্ষার আগে আর অল্পদিন ক্লাস হওয়ার সুযোগ আছে। কিন্তু ইতিমধ্যে দুই দিন ধরে কর্মবিরতি চলেছে। এভাবে চলতে থাকলে বার্ষিক পরীক্ষার ওপর প্রভাব পড়বে।